আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন। এর অনুমতিও দিয়েছে আইসিসি।
সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের মূল আসরে স্টেডিয়ামের ধারন ক্ষমতার ৭০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। বাছাই পর্বে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
গতকাল রোববার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েবসাইট থেকে (https://www.t20worldcup.com/tickets) টিকেট কেনা যাবে।
টুর্নামেন্টের বাছাই পর্বে ওমানের ম্যাচগুলোর টিকেটের মূল্য ১০ ওমানি রিয়াল দিয়ে শুরু হচ্ছে। আরব আমিরাতের মূল পর্বে টিকেটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম দিয়ে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক উপস্থিতি নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সবকিছু বিবেচনা করে মাঠে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে আইসিসি।
এ ব্যাপারে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডিস বলেন, ‘ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফিরতে যাচ্ছে, তাই আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করায় আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি দেশগুলোর সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি।’
বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, ‘আমি আনন্দিত যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকদের উপস্থিতিতে খেলা হবে। ক্রিকেট ভক্তদের মাঠে ফেরার পথ সুগম করার জন্য আমি সংযুক্ত আরব আমিরাত ও ওমান সরকারকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকরা তাদের দলকে সমর্থন করার জন্য যাবেন। তাদের এই সমর্থন দলকেও মাঠে ভালো খেলার জন্য অনুপ্রেরণা দিবে।’
আগামী ১৭ অক্টোবর ওমানের রাজধানী মাস্কাটে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বের সেরা ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। ১৪ নভেম্বর হবে ফাইনাল।
করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে মূল আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051