বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে পাঠাতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলসহ ৫ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন তিনি।
ফখরুল বলেন, ‘ডামি ও একতরফা’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী। এখন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে পাঠাতে বেপরোয়া হয়ে উঠেছে। তার ধারাবাহিকতায় আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির হাজি শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা হাজি সেলিম আহম্মেদ সালেম, রেজাউর রহমান রাজু, হাজি কুতুব উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ আওয়ামী সরকারের এ ধরনের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী ডামি সরকারকে হার মানতেই হবে।
তিনি বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলসহ নেতাদের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।
এদিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এ ধরনের সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। প্রতিনিয়ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে, অথচ সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সড়কে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালির কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে, যা গভীর উদ্বেগজনক।
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের আশু সুস্থতা কামনা ও হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051