
চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের সৌদি প্রবাসী নববিবাহিত মো. সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের বিয়ের এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ফজরের আজানের পর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে তার পরিবার।
নিহত মো. সাদ্দাম হোসেনের বাবা মো. গণি গাজি জানান, আমার ছেলে ২ বছর পর ১৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসে। পারিবারিকভাবে আমরা বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাটে তার বিবাহ সম্পন্ন করি। খোদাতায়ালা তাকে তার মৃত্যু কবুল করেছেন তাই চিরবিদায় নিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছে।
সাদ্দাম হোসেনের এমন মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই