হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ মজিবর রহমান নামে এক প্রবাসীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া সোনার ওজন ৫১৭ গ্রাম।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যার পর কাস্টমস চ্যানেল পার হওয়ার পর তাকে আটক করা হয়। রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, সৌদি আরবের দাম্মাম থেকে মজিবর রহমান ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হল ত্যাগ করার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্বীকার করলেও পরবর্তীতে সোনা থাকার কথা স্বীকার করেন।
তিনি আরও জানান, মজিবর রহমান তার মোজার ভেতর থেকে ৪ পিস সোনার বার বের করে দেন। যার ওজন ৪৬৪ গ্রাম। আর তার লাগেজের ভেতর থেকে আরও ৫৩ গ্রাম অলংকার বের করে দেন। তার কাছ থেকে জব্দ হওয়া মোট সোনার পরিমাণ ৫১৭ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
আটককৃত যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051