তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য খাতেও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া। মূলত বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বছর উপলক্ষে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন মাত্রা দিতেই এমন আগ্রহ দক্ষিণ কোরিয়ার। গতকাল এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এমনটা জানান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।
রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এমএ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. রেজাউল করিম রেজনু, ড. নাদিয়া বিনতে আমীন, মো. নিজাম উদ্দীন, নাজ ফারহানা আহমেদ, কেবিসিসিসিআইয়ের সভাপতি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল, উপদেষ্টা সাহাব উদ্দীন খান, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশনাল এজেন্সির মহাপরিচালক কিম ডং হিউন, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লি জুংইউল ও এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।
রাষ্ট্রদূত জানান, ২০২২ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিতে চায় সিউল। এজন্য তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতেও কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিমাণে দক্ষিণ কোরিয়া পঞ্চম শীর্ষ দেশ বলে জানান রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।
এ সময় এফবিসিসিআই সভাপতি কোরিয়াকে বাংলাদেশের অবকাঠামো খাত ও ম্যান মেড ফাইবার খাতে বিনিয়োগের আহ্বান জানান। সভাপতি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিশাল বাজার, ক্রমবর্ধমান রফতানি, বিদ্যুৎ ও অবকাঠামোর সহজপ্রাপ্যতা সরকারি নীতিসহায়তা ও বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীর কারণে বিদেশী বিনিয়োগের সুবর্ণ সময় পার করছে। যে দেশ এ সুযোগ কাজে লাগাবে তারাই লাভবান হবে।
সাক্ষাত্কালে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরতে কোরিয়ায় রোড শো কিংবা বিনিয়োগ সম্মেলন আয়োজনের ব্যাপারে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার সঙ্গে আলোচনা করা হবে বলে জানান এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি চলতি বছরে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে একটি বাণিজ্য সংলাপ আয়োজনের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, বাংলাদেশে শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয় দক্ষিণ কোরিয়ার হাত ধরে। কোরিয়ান কোম্পানি দাইয়ুর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দেশ গার্মেন্টস। সে সময় ১৩০ জন কর্মকর্তা ও কর্মীকে দক্ষিণ কোরিয়ায় ছয় মাসের প্রশিক্ষণ দেয়া হয়। সেই প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকেই এখন বাংলাদেশে তৈরি পোশাক কারখানার মালিক। বাংলাদেশে এ খাতে বিনিয়োগ করেছেন অনেক কোরিয়ান উদ্যোক্তাও। উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অর্ধশত বছর উদযাপন উপলক্ষে এবার তৈরি পোশাক খাতে বাংলাদেশ-কোরিয়ার সাফল্যকে অন্য খাতেও বিকশিত করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051