ফর্মে ফেরার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি। টেস্টের অভিজাত ফরম্যাটে নিজের প্রথম ১৪১ ইনিংসে ২৭টি সেঞ্চুরি করেছেন কোহলি।
প্রতি পাঁচ (৫.২২) ইনিংসে একটি করে সেঞ্চুরি পেয়েছেন ভারতের এই অধিনায়ক। কিন্তু সবশেষ ২৪ ইনিংসে ব্যাট করেও সেঞ্চুরির দেখা পাননি বিরাট কোহলি।
টেস্টের মতো একই অবস্থা ওয়ানডেতেও। একদিনের ক্রিকেটে নিজের প্রথম ২৩০ ইনিংসে সবমিলে ৪৩টি সেঞ্চুরি করেছেন কোহলি। প্রতি পাঁচ (৫.৩৫) ইনিংসে একটি করে সেঞ্চুরি রয়েছে তার।
কিন্তু ওয়ানডেতে সবশেষ ১৫ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েও সেঞ্চুরির দেখা পাননি কোহলি।
টেস্ট আর ওয়ানডেতে সবমিলে শেষ ৩৯ ইনিংসে ব্যাট করেও সেঞ্চুরির দেখা পাননি কোহলি। এতটা বাজে সময় কোহলির ক্রিকেট ক্যারিয়ারে কখনো যায়নি।
সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব হারিয়ে মেজাজ হারিয়ে ক্রিকেট বোর্ডের কর্তাদের ওপর চড়াও হন কোহলি। গুঞ্জন রটেছে ওয়ানডের পর এবার টেস্টেও নেতৃত্ব হারাতে পারেন তিনি। শুধু তাই নয়, দল থেকেও বাদ পড়তে পারেন বিরাট। এমন খবরও চাউর হচ্ছে ভারতীয় মিডিয়ায়।
অথচ বছর তিনেক আগে এই বিরাট কোহলিকেই মাথায় তুলে উল্লাসে মেতেছিল ভারত। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে চোখের পলকেই ৭০-এ পৌঁছে যান কোহলি।
বিরাট ফর্মে থাকাকালীন ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলেছেন একমাত্র কোহলির পক্ষেই সম্ভব কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভাঙা। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্সে ব্যর্থ হওয়ায় ঘরে-বাইরে সমালোচিত কোহলি।
রোববার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে শুরু হয় বক্সিংডে টেস্ট। সাম্প্রতিক বিতর্ক এড়ানোর মোক্ষম সুযোগের অপেক্ষায় আছেন কোহিল। আফ্রিকা সফরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানেই আউট হন কোহলি। তার ব্যর্থতার দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল।
আগারওয়াল ৬০ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন লোকেশ রাহুল (১২২), তাকে সঙ্গ দেওয়া আজিঙ্কা রাহানে আছেন ৪০ রানে। শূন্য রানে ফেরেন চেতেশ্বর পুজারা। প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ভারত তুলে ২৭২ রান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051