মহান বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো আজ (১৬ ডিসেম্বর)। বাঙালি জাতির গৌরবের দিন। এই দিনেই পরাধীনতার শিকল ভেঙে মুক্তির আনন্দে মেতেছিল বাঙালি জাতি। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি গভীর শ্রদ্ধায়-ভালোবাসায় স্মরণ করছে পুরো দেশ। বাংলাদেশের ক্রিকেটাররাও স্মৃতিবিজরিত দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগে জন্ম হয়েছে বাংলাদেশ নামের ভূখণ্ডের।
সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুতর্জা দীর্ঘ পোস্ট লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পোস্টের শুরুতে লিখেছেন, ‘আজ থেকে ৫০ বছর আগে যদি এই দিনটা না আসতো, তাহলে এতো ভালোবাসা, এতো ঘৃণা, এতো চাওয়া-পাওয়া, এতো আবেগ, এতো এতো কথা... সবই না বলা কথা হয়ে থাকতো! অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা- বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।’
গোবিন্দ হালদারের লেখা একটি গানের এক লাইন উল্লেখ করে মাশরাফির পরের কথাগুলো এমন, “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- কী প্রচণ্ড আবেগ, কী বিশুদ্ধ অনুভূতি, কতটা তীব্র ভালোবাসা ছিল। না হলে কী আর সব ছেড়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর দেশকে স্বাধীন না করে বাড়ি না ফেরার শপথ নেওয়া! ফেরার পর সব হারানোর কষ্টের মাঝেও নতুন স্বপ্ন, নতুন পথচলা, এই ইতিহাস তো গর্বের, আনন্দের, নতুন উদ্যমের।”
সবশেষে মাশরাফি শহীদদের স্মরণ করার পাশাপাশি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নেই, শহীদ ও জীবিত সেই সব মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। জয় বাংলা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকলের প্রতি রইলো শুভেচ্ছা।’
বীর শহীদদের স্মরণ করে মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছি। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভকামনা অসাধারণ প্রথম অর্ধশতকের জন্য, আমার বাংলাদেশ।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই বিজয়কে গর্বের উল্লেখ করে লিখেছেন, ‘আসুন, গর্বের সঙ্গে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, ‘মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনেই বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। যাদের আত্মত্যাগ ও সাহসিকতায় আমরা পেয়েছি এই দেশ, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হকও বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ টেস্ট দলের পেসার খালেদ আহমেদ লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’ মেহেদী হাসান লিখেছেন, ‘আজকের এই গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানাই সালাম ও বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর। এ দেশ আমার গর্ব। এ বিজয় আমার প্রেরণা। বিনম্র শ্রদ্ধা জাতির অকুতোভয় শ্রেষ্ঠ সন্তানদের।’
যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’
নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমদের স্বাধীনতার ৫০ বছর নিয়ে লিখেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর। জয় বাংলা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051