বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তার নাম মো. আদহাম (৩০)।
বিজিবির দাবি, নিহত রোহিঙ্গা যুবক মো. আদহাম ইয়াবাকারবারি ছিলেন। সে তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাশেমের ছেলে।
বুধবার ভোরে সীমান্তের ৩৫নং পিলারের সন্নিকটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে৷
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়।
ভোরে ১০-১২ জনের একটি দল মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবাকারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে, তখন টহল দল তাদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করে।
এ সময় অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে ওই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবি এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051