লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, লিভার ক্যান্সার নির্ণয় যথাসময়ে করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিভার ক্যান্সার সচেতনতা মাস ২০২১ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এরপর উদ্বোধন উপলক্ষে বিএসএমএমইউ বি ব্লকের সামনে গোলচত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ‘লিভার ক্যান্সার অ্যাওয়ারনেস-রোল অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিভ সার্জন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী।
শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, একসময় বলা হতো ক্যান্সার হলে অ্যান্সার নাই। কিন্তু বর্তমান সময়ে ক্যান্সার হলে অ্যান্সার আছে। তারপরেও যেসব কারণে ক্যান্সার হয় সেগুলো এড়িয়ে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে।
বিএসএমএমইউ উপাচার্য আরও বলেন, লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের যাতে দেশের বাইরে যেতে না হয়, সেভাবেই দেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ জন্য লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিযুক্ত চিকিৎসকদের নিজেকে সেভাবেই তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন এবং সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051