আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে হাইকোর্টে দেওয়া রায় বহাল রয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাবিবের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার এ আদেশ দেন।
এর আগে আদালত অবমাননার দায়ে হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে ২২ নভেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে কারাবন্দি হাবিব ৮ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন, সঙ্গে জামিনের আবেদন করেন। লিভ টু আপিলটি ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন আদালত লিভ টু আপিলটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ৩ মার্চ শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় সোমবার শুনানি হয়। আদালতে হাবিবের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, হাবিবের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে হাইকোর্টে দেওয়া রায় বহাল থাকল। ফলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে এবং জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ২১ নভেম্বর হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল।
এর আগে উচ্চ আদালতের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত বছরের ১৫ অক্টোবর হাবিবুরের প্রতি স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার রুল দেন হাইকোর্ট। ব্যাখ্যা জানাতে তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। ধার্য তারিখে তিনি হাজির হননি। ৮ নভেম্বর হাইকোর্ট হাবিবুরকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে নির্দেশ দেন। ২২ নভেম্বর তাকে আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051