রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের তৃতীয় জানাজা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ জানাজা হয়।
জানাজায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মওদুদ আহমদের দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সহযোদ্ধারা। জানাজার আগেই নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের পুরো এলাকা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণে পরিপূর্ণ হয়ে যায়।
এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মওদুদ আহমদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। ব্যারিস্টার মওদুদের মরদেহ শহীদ মিনারে আসার আগে থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সেখানে অবস্থান করছিলেন। সকাল ১০টা পর্যন্ত মরহুমের মরদেহ রাখা হয় সেখানে। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দল ও সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মওদুদ আহমদের মরদেহ নেওয়া হয় তাঁর দীর্ঘ দিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে।
সেখান থেকে মওদুদের মরদেহ তৃতীয় জানাজার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হয়। পরে মওদুদের মরদেহ হেলিকপ্টারে করে নোয়াখালীর উদ্দেশে নেওয়া হবে।
বসুরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মাঠে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে ব্যারিস্টার মওদুদ আহমদকে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ। সেখানে প্রবাসীরা তাঁর প্রথম জানাজায় অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051