আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমান বলেছেন, বিএনপি এখন আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ হয়ে নানা ভাগে বিভক্ত। কয়েক দিন আগেও বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল যেন তারা ক্ষমতায় চলে আসবে। আসলে তারা ঘোড়ার ডিমও পাবে না।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের হয়ে নির্বাচনী প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় নারায়ণগঞ্জের জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান বুলবুল, জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ উর রউফ, আসন্ন (বার) নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলের সভাপতি পদপ্রার্থী হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসীন মিয়াসহ আওয়ামীপন্থি শত শত আইনজীবী উপস্থিত ছিলেন।
শামীম ওসমান এমপি বলেন, বিএনপির সঙ্গে গণতন্ত্র চর্চার কিছু নেই। এখন তারা গণতন্ত্রের অজুহাতে বড় বড় কথা বলেন। বিএনপি-জামায়াতের জোট ক্ষমতায় থাকাকালে এই নারায়ণগঞ্জেরই বিএনপির একজন খুনির নির্দেশে আওয়ামী লীগের নয়জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। লাশ নিয়ে কবরস্থানে যাচ্ছিলাম, সেই লাশের মধ্যে গুলি করা হয়েছে। কবরস্থানে যেতে দেওয়া হয়নি। আমাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে, আমার বড় ভাইয়ের (সংসদ সদস্য সেলিম ওসমান) খামারে ৩০০ গরুর দুধের বান কেটে দেওয়া হয়েছিল। এরা তারাই, এদের সাথে গণতন্ত্র চর্চার মানসিকতা আমাদের নেই।
তিনি বলেন, এখন বিএনপির কিছু নেতারা গরম বক্তব্য দিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছেন, শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছেন। আমরা বলি নারায়ণগঞ্জকে শান্ত থাকতে দিন। বড় বড় কথা বলে পুরোনো ইতিহাস মনে করিয়ে দিবেন না। আমরা সব ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়েছি। আপনাদের শাসনামলে যে অত্যাচার আমাদের ওপর করেছেন তা যদি মাথায় চেপে বসে তবে নারায়ণগঞ্জে থাকতে পারবেন না। আমরা চুপ করে আছি, কারণ আমরা ধৈর্য ধরেছি। ধৈর্য ধরেছি মানে আমরা কিন্তু দুর্বল নই। আপনারা অপরাধ করেছেন আপনাদের বিচার হয়েছে, জনগণ ভোটের মাধ্যমে সেই রায় দিয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051