রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপিনেতা তাবিথ আউয়াল প্রমুখ।
আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ বিষয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য নেতাকর্মীরা গিয়েছেন। সেখানে পুলিশ অতর্কিত হামলা চালায়। রাজনৈতিক নেতাদের হেয় করতে এ হামলার ঘটনা ঘটানো হয়। আদালতে আমরা এসব বিষয়ে শুনানির পর আদালত অর্ধশতাধিক আসামিকে আগাম জামিন দিয়েছেন।’
গত ১৬ আগস্ট বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল ঢাকা মহানগর বিএনপির দুই নতুন কমিটির। তার আগেই সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের ১৪ জন সদস্যসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন। এ ঘটনায় সেদিন রাতে চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় বিএনপির ১৫৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। এই মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051