
বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। বিএনএম থেকে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করবেন।
মঙ্গলবার তিনি দলের হয়ে মনোনয়ন ফরম কিনছেন বলে নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ওই দিন বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মোহাম্মদ আবু জাফর।
তিনি বলেন, ফরিদপুর-১ আসনের জনসাধারণকে কোনো অরাজনৈতিক মানুষের হাতে ছেড়ে দিতে পারি না। আমি আমার এলাকার মানুষের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমার বয়সও প্রায় শেষ। এটাই আমার শেষ নির্বাচন। এটাই আমার শেষ রাজনীতি। আশাকরি ফরিদপুর-১ আসনের মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করবেন।