কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম ও সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উভয় পক্ষের ১০ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের আন্তঃজেলা গাইটাল বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে যাতায়াত পরিবহনের কাউন্টারে কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম ও কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম মানিক এসে গাড়ি বন্ধ রাখতে বলেন। যাতায়াত পরিবহনের পরিচালক ও কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক কাঞ্চন, বাবু গাড়ি বন্ধ রাখার কারণ জিজ্ঞেস করতে গেলে তাদের মারধর করা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে। ঘটনার পরপরই শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। তবে রাত ৮টার পর পুনরায় বাস চলাচল শুরু করে।
কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম বলেন, যাতায়াত পরিবহনের চেয়ারম্যান মানিক সরকারের কাছ থেকে সাধারণ মালিকরা ১০-১৫ লাখ টাকা পাবে। এ টাকা পরিশোধ না করা পর্যন্ত গাড়ি চালানো বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে যাতায়াত পরিবহন ছাড়া অন্য সব পরিবহনের বাস চালু করা হয়েছে।
যাতায়াত পরিবহনের পরিচালক ও কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যাতায়াত পরিবহনের ৫০টি বাস ১৮ দিন যাবত বন্ধ। শফিকুল ইসলাম মানিক ৫ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। চাঁদা না দিলে একটি গাড়িও চলবে না বলে জানান। সোমবার বিকেলে আমরা বাস চালু করলে কাউন্টার মানিক পেছনে নিতে বলে। বাগবিতণ্ডা হলে হামলা চালায়। আমাদের একজন শ্রমিক নেতা কাঞ্চন মারাত্মক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আমি নিজেও আহত হয়েছি।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও হোসেনপুর সার্কেল) মোহাম্মদ আল-আমিন হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং রাত ৮টার পর থেকেই বাস চলাচল পুনরায় চালু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও ১১ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে।
ভিন্নবার্তা/এসএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051