
লক্ষ্মীপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত অটোরিকশাচালক ও যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শাহী বাসের (ঢাকা মেট্টো-ব ১৪-৪৪৪৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার (নোয়াখালী-থ ১২-০৫০৯) মুখোমুখি সংঘর্ষে ঘটে। এ সময় ফলবাহী অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশা চালক ও ফল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো তাদের নাম জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ