খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক সিটি এসবির এএসআই নাসিম হোসেন (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত নাসিম হোসেন খুলনার বটিয়াঘাটার বিরাট কালবুনিয়া গ্রামের মো. আব্দুল ওয়াদুদ মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে খুলনা সিটি এসবির এএসআই নাসিম হোসেন (৩৮) তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলযোগে (খুলনা-হ ১১-৭৩৮৪) বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে যাচ্ছিলেন।
এ সময় খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেলটি উঠলে মোংলা থেকে রূপসাগামী জোতি পরিবহন নামে যাত্রীবাহী বাসের (ঢাকা মোট্রো-জ ১১-১৯৮০) সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালক নাসিম ও আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তার ওপর পড়ে রক্তাক্ত জখম হয় এবং মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে চ্যাসিসের সাথে আটকে যায়।
ওই অবস্থায় বাস চালক মোটরসাইকেলটি চ্যাসিসে বাঁধিয়ে চালিয়ে রূপসা বাস স্ট্যান্ডে চলে আসে। পরে খবর পেয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড ফাঁড়ির পুলিশ বাস স্ট্যান্ড থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘাতক বাসটিকে জব্দ করে।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মোশারফ হোসেন বলেন, আহতদের প্রথমে খুলনার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নাসিম হোসেনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। অপর আহত শফিকুল ইসলাম চিকিৎসাধীন আছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051