দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় মামুনুর রশিদ বাবু প্রিন্স (৪৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাঙ্গামাটি মোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ বাবু আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক ও মোহনা টিভির সাবেক দিনাজপুর জেলা প্রতিনিধি।
স্থানীয়রা জানান, মামুনুর রশিদ বাবু বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ী শহরে আসার পথে রাঙ্গামাটি মোড়ে মেইন সড়কে ওঠার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা যাত্রীবাহী বাসটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051