জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, কোভিড-১৯, সংঘাত, ক্ষুধা, দারিদ্র্য এবং জলবায়ু জরুরি পরিস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের এই বিশ্বটা যথাযথ বাসযোগ্য গ্রহ থেকে অনেক অনেক দূরে রয়েছে। তবে এসব সংকট পরিষ্কার করে দিয়েছে যে সংহতির মাধ্যমেই এগিয়ে যেতে হবে। রোববার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, ৭৬ বছর আগের বিপর্যয়কর এক সংঘাতের ছায়া থেকে বিশ্বের উত্তরণের প্রত্যাশার বাহন হিসেবে জাতিসংঘ প্রতিষ্ঠা পায়। আজ জাতিসংঘের নারী-পুরুষরা সেই প্রত্যাশাকে বিশ্বজুড়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন। আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বিশ্বের সব জায়গার সব মানুষের কোভিড-১৯ টিকাপ্রাপ্তি যত দ্রুত সম্ভব নিশ্চিত করার মাধ্যমে।
তিনি বলেন, সব মানুষের, বিশেষত দরিদ্রতম ও সবচেযে সুবিধাবঞ্চিত মানুষ, নারী ও মেয়েশিশু এবং শিশু ও তরুণদের অধিকার ও মর্যাদা নিশ্চিত ও সুরক্ষিত করার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের বিশ্বটাকে ক্ষতবিক্ষত করা সংঘাত নিরসনের পথ অনুসন্ধানের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে।
আমাদের এই গ্রহটাকে রক্ষা করতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে হবে। এবং অন্তর্ভূক্তিমূলক, আন্তঃসম্পর্কযুক্ত ও কার্যকর বৈশ্বিক সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে, যার বিস্তারিত আমার সাম্প্রতিক প্রতিবেদন ‘আওয়ার কমন অ্যাজেন্ডায়’ আমি তুলে ধরেছি।
জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ সনদকে বিগত ৭৬ বছর ধরে শক্তি জুগিয়েছে যেসব মূল্যবোধ- শান্তি, উন্নয়ন, মানবাধিকার এবং সবার জন্য সমান সুযোগ- তার প্রয়োজনীয়তা কখনো ফুরিয়ে যাবে না।
আজ এই জাতিসংঘ দিবস পালনের সময় আমি এসব আদর্শে সবাইকে একতাবদ্ধ হওয়ার এবং জাতিসংঘের প্রতিশ্রুতি, সম্ভাবনা ও এই বিশ্ব সংস্থার প্রতি প্রত্যাশা পূরণের আহ্বান জানাচ্ছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051