পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা অংশে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণে বেঁচে ফিরেছেন মৌয়াল রবিউল শেখ। বাঘের কামড়ে ও থাবায় ক্ষতবিক্ষত হয়েছে তার কাঁধ ও হাত। বাঘের মুখ থেকে ২৫ বছর বয়সী রবিউলকে ছাড়িয়ে আনেন তার ৫৫ বছর বয়সী বাবা মো. হালিম শেখ। গত মঙ্গলবার সুন্দরবনের গভীরে মৌয়ালদের একটি দল মধু সংগ্রহের জন্য গেলে এ ঘটনা ঘটে।
এর পর আহত রবিউলকে কোলে করে নৌকা পর্যন্ত নিয়ে আসেন তার বাবা। দলের বাকি সদস্যরা সারা রাত নৌকা চালিয়ে এবং পরে কোস্টগার্ডের স্পিডবোটে করে তাকে বুধবার সকালে নিয়ে আসা হয় সুন্দরবনের সীমান্তবর্তী ছোট ভ্যাটখালীতে চিকিৎসক সোলায়মানের কাছে। তিনি দীর্ঘদিন ধরে মূলত বাঘ ও কুমিরের আক্রমণে আহত ব্যক্তিদের চিকিৎসা করছেন। রবিউলের হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে। ঘাড়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।
আহত রবিউল শেখ বলেন, ‘বাঘটা দেখলাম দৌড়ে আসছে আমার দিকে। বাঘ দেখে একটা গাছের আড়ালে গিয়েছি। বন্দুকের গুলির মতো একদিক থেকে এসে আমাকে ফেলে দিয়ে মুখ দিয়ে কামড়ে ধরেছে। আব্বা ছিল। আব্বা লাঠি দিয়ে বাড়ি মেরে ছাড়িয়ে এনেছে। বাঘ আমাকে সামনে থেকে আক্রমণ করেছে।’ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে তারা একটি খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলেও জানান রবিউল। এর চেয়ে বেশি কিছু বলতে পারেননি তিনি।
বাঘের আক্রমণের শিকার হয়ে ফেরার পর তাদের দেখতে যান সেখানকার মধু গবেষক সৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ার। খোঁজ নেন পুরো ঘটনার। গণমাধ্যমকে তিনি বলেন, হঠাৎ করে বাঘ আক্রমণ করে। দলের অন্য সদস্যরা তখন হতবিহ্বল হয়ে যান।
মঈনুল আনোয়ার বলেন, বাঘ ছেলেটার ঘাড়ে কামড়ে দেয়। বাবা হালিম শেখের হাতে লাঠি ও দা ছিল। যখন কামড় দিয়েছে, তখন হালিম শেখ বাঘকে আঘাত করেছেন। তবু বাঘ ছাড়েনি। প্রথমে বাঘের পেছনের পায়ে, পরে সামনের পায়ে আঘাত করেন হালিম শেখ। আঘাতের একপর্যায়ে বাঘ সামনের পা দিয়ে থাবা দেয়। রবিউলের বাঁ হাতে লাগে। হাতটা চার ইঞ্চির মতো লম্বা হয়ে ক্ষতবিক্ষত হয়েছে।
মধু গবেষক মঈনুল আনোয়ার আরও জানান, বাবা খুব সাহসী ছিলেন। ক্রমাগত আঘাত করেন তিনি। একপর্যায়ে বাঘ বাধ্য হয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
সূত্র জানায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রাম থেকে ১২ থেকে ১৩ জনের মৌয়ালের একটি দল নৌকায় করে গিয়েছিলেন সুন্দরবনের গহিনে। সে দলেই ছিলেন রবিউল শেখ ও তার বাবা হালিম শেখ।
উল্লেখ্য, সুন্দরবনে প্রতিবছরই ১ এপ্রিল থেকে বন বিভাগের অনুমতি নিয়ে জুন পর্যন্ত আশপাশের গ্রাম থেকে বনের গভীরে মধু সংগ্রহে যান মৌয়ালরা। বিভিন্ন দলে ভাগ হয়ে যান তারা। সুন্দরবনে অবস্থান করেন সপ্তাহ, এমনকি মাস পর্যন্ত। তারা নৌকাতেই রাত কাটান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051