
ঢাকার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে চলাচলকারী সিএনজি অটোরিকশা মহানগরীতে অঞ্চলে প্রবেশে আপত্তি জানিয়েছে ‘ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ’। একই সঙ্গে দৈনিক জমা ও মিটারের ভাড়া বৃদ্ধির দাবিও জানিয়েছেন সিএনজি মালিকরা।
শনিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি মো. বরকত উল্লাহ ভুলু বলেন, ২০১৫ সালের পর সিএনজি মালিকদের জন্য জমা আর বাড়ানো হয়নি। গত ৭ বছর ধরে জমা ৯০০ টাকাই নিচ্ছি। কিন্তু সব জিনিসের দাম বাড়লেও আমাদের জমা আর বাড়েনি। এভাবে আর চলতে পারে না।
এসময় আরও কিছু দাবি তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে- বিভিন্ন জেলার সিএনজি অটোরিকশার বডিতে বিআরটিএ’র নির্ধারিত রং বাস্তবায়ন করে রেজিস্ট্রেশন ও ফিটনেস দিতে হবে; ঢাকা মহানগর এলাকায় সিএনজি অটোরিকশার জন্য স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা না করে নো-পার্কিং মামলা ও রেকারিং বন্ধ করতে হবে; সহজ শর্তে (স্বল্প সময়ে) চালকের লাইসেন্স দিতে হবে; বিভিন্ন অজুহাতে পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।