বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক উত্তরোত্তর বাড়বে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরের বিশ্ব সভ্যতা গ্যালারিতে নতুন রূপে ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাদুঘর প্রাঙ্গণে জাতীয় জাদুঘরের সহযোগিতায় ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, সুইজারল্যান্ড একটি চমৎকার, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ। এটি কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়ায় না এবং কোনো সামরিক জোটেরও সদস্য নয়। বাংলাদেশও সেই রকম একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ। আশা করছি, দুই দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত আরও প্রশস্ত হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠালগ্ন থেকে বাঙালি জাতির ইতিহাস তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলার ধারক ও বাহক হিসেবে কাজ করে আসছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এদেশের মানুষের সামনে উপস্থাপন করে যাচ্ছে।
‘জাদুঘরের বিশ্বসভ্যতা গ্যালারিতে এরই মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও সুইজারল্যান্ডের কর্নার রয়েছে। সুইজারল্যান্ড কর্নারটি ২০০৬ সালে স্থাপনের পর নতুন কয়েকটি নিদর্শন যুক্ত করার মাধ্যমে আজ এটিকে নবরূপ দান করা হলো। এর মাধ্যমে সুইজারল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে এদেশের মানুষ আরও বেশি মাত্রায় জানতে ও বুঝতে পারবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান ও বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।
প্রতিমন্ত্রী পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে জাদুঘর আয়োজিত ‘বঙ্গবন্ধু লোকশিল্প ও লোকগান প্রদর্শনী’র উদ্বোধন করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051