বাংলাদেশ-ভারত ম্যাচের ঠিক আগের দিন আজ মঙ্গলবার সন্ধ্যায় অ্যাডিলেড ওভালে ঝুম বৃষ্টি হয়েছে। থেমে থেমে বারবার নামছে বৃষ্টি। এ ভেন্যুতেই বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সমস্যা হলো, আগামীকাল বুধবার সন্ধ্যার দিকেও অ্যাডিলেডে বৃষ্টির আশঙ্কা আছে।
কোনোভাবে বৃষ্টির কারণে যদি সেই ম্যাচ ভেস্তে যায়, তাহলে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ের সব হিসাব ফের বদলে যাবে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারও অ্যাডিলেডে তুমুল বৃষ্টি হবে। আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। সর্বোচ্চ দুই মিলিমিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। কাল বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে গ্রুপ টেবিলে দুই দলেরই পয়েন্ট হবে ৫ করে।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। এর পরের দুই অবস্থানে আছে যথাক্রমে ভারত ও বাংলাদেশ। উভয় দলের সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে আছে টাইগাররা। সাকিবদের রান রেট যেখানে -১.৫৩৩, সেখানে ভারত +০.৮৪৪ রান রেট নিয়ে এগিয়ে আছে। বুধবারের ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত পরের ম্যাচে পাবে জিম্বাবুয়েকে। সেটা জিতলেই তাদের সেমিফাইনাল নিশ্চিত। আর বাংলাদেশের পরের ম্যাচ কঠিন প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে। যারা ইতিমধ্যে সেমির লড়াই থেকে ছিটকে গেছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051