
চট্টগ্রাম নগরীর হালিশহরের উত্তর আগ্রাবাদ নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে রমনা আবাসিক এলাকার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তার সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় অংশ নেন। এ সময় তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোহাম্মদ ছায়েদুর রহমান তিন কন্যাসন্তানের বাবা। তাঁর বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তাঁরা দুজন ঢাকায় অবস্থান করছেন। মেজ মেয়ে একজন চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051