বাংলাদেশে ২৫ লাখ ডোজ মডার্না উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমণের ঢেউ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, আগামী সপ্তাহের মধ্যে এই টিকা সরবরাহ সম্পন্ন হবে।
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণের নতুন ঢেউ শুরু হওয়ায় সোমবার থেকে জোরালো লকডাউন শুরু করেছে বাংলাদেশ। মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়ে অফিস এবং যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। আর রাস্তায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে গড়ে প্রতিদিন প্রায় ছয় হাজার মানুষের সংক্রমণ শনাক্ত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারত সীমান্তবর্তী জেলাগুলোতেই সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে খারাপ। খুলনা ও রাজশাহীর মতো শহরগুলোর হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান, বাংলাদেশে প্রতি সপ্তাহে সংক্রমণ বাড়ছে প্রায় ৫৫ শতাংশ। আর সেকারণেই যুক্তরাষ্ট্রের আর্জেন্ট তালিকায় স্থান পেয়েছে দেশটি। করোনা মোকাবিলাকে যুদ্ধ ঘোষণা করে টিকাকে এই যুদ্ধের অস্ত্র ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
করোনা মহামারির সময়ে কম উন্নত অঞ্চলে নিজেদের উৎপাদিত টিকা পাঠিয়ে শুন্যস্থান পূরণে মরিয়া হয়ে ওঠে চীন ও রাশিয়া। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তারা টিকা কূটনীতির প্রতিযোগিতায় নামেননি। অন্য অনেক দেশের মতো বাংলাদেশও টিকা পেতে মরিয়া হয়ে ওঠে। গত মে মাসে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান তারা চীনের সিনোফার্ম থেকে ৫ কোটি ডোজ টিকা কিনতে চান। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানান, রাশিয়ার কাছ থেকে ৫ কোটি ডোজ স্পুটনিক টিকা কিনতে চান তারা।
তবে বাংলাদেশে টিকা পাঠানো নিয়ে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ‘আমরা কোনও সুবিধা পেতে কিংবা ছাড় বের করে নিতে এসব টিকা দিচ্ছি না। আমাদের টিকার সঙ্গে কোনও শর্ত নেই। আমাদের এটা করার একমাত্র উদ্দেশ্য হলো জীবন রক্ষা করা।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে দুইশত কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া আফ্রিকান ইউনিয়ন এবং ৯২টি দরিদ্র দেশের জন্য ৫০ কোটি ডোজ ফাইজার-বায়োএনটেক টিকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে তারা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051