খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
শুক্রবার বিকালে নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের দানিপুকুর হাইস্কুল মাঠে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসূচির উপকারভোগী। কে কোন দল করেন সেটি দেখা হয়নি। গ্রামের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু মূল সড়ক নয় এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাকা হচ্ছে। এছাড়াও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার। কমিউনিটি ক্লিনিক চালু করে বিনাপয়সায় ২৮ রকমের ওষুধ দেওয়া হচ্ছে। এগুলোর ফলে মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ হাজার হাজার রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এ আস্থা আমাদের রাখতে হবে। আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তারা আবারো ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা শুরু করেছে। এ দেশের শান্তিপ্রিয় মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো মেনে নেয়নি, নেবেও না।
ছাওড় ইউনিয়নের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রনজিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শাহ মঞ্জুর মোরশেদ, ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ প্রামাণিক প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051