দায়িত্ব নিয়ে সীমান্ত পা রেখেই বাংলাদেশকে সবচেয়ে কাছের বন্ধু বলে আখ্যায়িত করেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী। ভারতের ত্রিপুরা হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার সকালে বাংলাদেশের প্রবেশের সময় সাংবাদিকদের কাছে নিজের অনুভূতির কথাও জানানও ওই কূটনৈতিক।
ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সকাল ১০টার দিকে আখাউড়া স্থলবন্দরে আসেন। করোনা পরিস্থিতির কারণে তিনি বিমানে না গিয়ে আখাউড়া দিয়ে ঢাকায় যাওয়ার পথ বেছে নেন বলে জানা গেছে।
দুপুরে ঢাকায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশকে আমরা সবচেয়ে কাছের বন্ধু হিসেবে মনে করি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।’
নতুন ভারতীয় হাইকমিশনারকে আখাউড়া স্থলবন্দরে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. মিজানুর রহমান প্রমুখ। পরে তিনি সড়ক পথে ঢাকায় যান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051