ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে অনুশীলনের মাঝে করোনা প্রতিরোধ সংক্রান্ত সুরক্ষা বলয় ভেঙেও পার পেয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুনানিতে তারা দোষ স্বীকার করায় কোনো ব্যবস্থা নেয়নি বিসিবি।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বুধবার এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি। মোহামেডান ক্লাবের শীর্ষ কর্মকর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভাঙার ঘটনা ঘটেছে। এটা নিয়ে তারাও অবগত, তারা সেটা শেয়ার করেছেন। দুঃখ প্রকাশ করেছেন।’
ওই দিন মোহামেডানের ছিল ঐচ্ছিক অনুশীলন। ব্যাটিং অনুশীলনে আসেন কেবল অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে ছিলেন সহকারী কোচ মেহরাব হোসেন অপি, ম্যানেজার সাজ্জাদ হোসেন। এ সময় বলয়ের বাইরে থেকে একজন ভেতরে ঢুকেছেন বলে অভিযোগ আসে।
অভিযোগ পেয়ে গত শনিবার ইনাম জানিয়েছিলেন, সুরক্ষা বলয় ভাঙার জন্য ব্যবস্থা নেবেন। কিন্তু বাস্তবে তাকে কোনো ব্যবস্থাই নিতে দেখা গেল না।
এদিন শুধু বলেন, ‘আমরা বিসিবি থেকে ও সিসিডিএম থেকে নিশ্চিত করতে চাই যে, সামনে টুর্নামেন্ট যেন নিরাপদে হয়। এটা নিশ্চিত করতে আমরা সব ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। বায়ো বাবলের মেইনটেন্স যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছি। সামনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এর জন্য মোহামেডান ক্লাবকেও একটা নোটিশ আমরা দিব। আশা করছি, আমরা টুর্নামেন্টটি সফলভাবে চালিয়ে নিয়ে যেতে পারব।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051