
পাহাড়ি ঢল, বৃষ্টিপাত ও নদ-নদীর পানি কমায় সিলেটের আটটি উপজেলায় গতকাল শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সিলেট নগরে গত বৃহস্পতিবার রাত থেকে পানি ঢুকছে। এতে পানিবন্দি হয়েছে কয়েক হাজার মানুষ। আর উপজেলাগুলোতে বন্যায় পানিবন্দি মানুষের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ।
এদিকে হবিগঞ্জের বাহুবলে গতকাল সকালে ভারি বর্ষণে ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।
সিলেট নগরের তালতলা, মেন্দিবাগ, মাছিমপুর, তেররতন, যতরপুর, শাহজালাল উপশহরসহ বিভিন্ন এলাকা এবং সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জলমগ্ন হয়ে পড়েছে। ডুবে গেছে সড়ক। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষ ভোগান্তিতে পড়েছে।
গতকাল বিকেলে তেররতন এলাকায় কথা হয় গৃহবধূ মালেকা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার রাত থেকে পানি ওঠা শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঘরে ঢোকা শুরু করে। মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সরানোর জায়গা নেই, তাই সরাতে পারিনি।’
স্থানীয় কলোনির বাসিন্দা সুরাইয়া আক্তার বলেন, ‘ঘরে পানি ঢুকছে। লাকড়ি ভিজে গেছে। রান্না করা যাচ্ছে না।’
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টিপাত বেশি এবং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নগরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের ড্রেন সব পরিষ্কার আছে।
নগরের পানি খাল বা ছড়া হয়ে নদীতে যায়। কিন্তু এখন উল্টো নদীর পানি শহরে ঢুকে পড়েছে। বৃষ্টি না হলে এ অবস্থা থাকবে না।’
আট উপজেলার পরিস্থিতি
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সূত্রে জানা গেছে, বিভিন্ন পয়েন্টে সিলেটের নদ-নদীর পানি কমেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার রেকর্ড অনুযায়ী, সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ৬টায় জকিগঞ্জের অমলসিদে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ২১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিয়ানীবাজারের শেওলায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল শুক্রবার সন্ধ্যায়, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর। গোয়াইনঘাট উপজেলায় শুক্রবার সন্ধ্যায় সারি গোয়াইন নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অথচ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সেটি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে ছিল। তবে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে। শুক্রবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ৪সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
আবহাওয়া কার্যালয় সিলেট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫.৫ মিলিমিটার। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬১ মিলিমিটার।
আজ-কালের মধ্যে আরো উন্নতি
পাউবো বলছে, বৃষ্টি কম থাকার পূর্বাভাস থাকায় আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট অঞ্চলের প্রধান নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। আজ ও আগামীকাল রবিবারের মধ্যে জেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টিপাত অনেকটা কমে এসেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকালও (আজ) বৃষ্টি কম থাকতে পারে। আশা করছি, পানি বিপৎসীমার ওপরে থাকলেও আগামীকালের মধ্যেই নদ-নদীর পানি একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে। দুই-তিন দিনের মধ্যে সিলেট বন্যামুক্ত হয়ে যাবে। এ ছাড়া দেশের উত্তরাঞ্চলে আপাতত কিছুদিন আমরা বন্যার আশঙ্কা করছি না।’
পানিবন্দি প্রায় সাড়ে ছয় লাখ
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলা। বিয়ানীবাজারের পাঁচটি, গোলাপগঞ্জের একটি এবং দক্ষিণ সুরমা উপজেলার ছয়টি ইউনিয়নের আংশিক প্লাবিত হয়েছে। আট উপজেলায় পানিবন্দি ছয় লাখ ৪৩ হাজার ৪৭০ জন। গোয়াইনঘাটে পানিবন্দি দুই লাখ ৪৫ হাজার ৭৫০ জন। বন্যা মোকাবেলায় প্রস্তুত ৫৪৭টি আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত উঠেছে তিন হাজার ৭৩৯ জন। সরকারি-বেসরকারিভাবে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।
উপজেলাগুলোতে বন্যার পানি যত কমছে সড়ক, ব্রিজ-কালভার্ট, মাছের ঘেরের ক্ষয়ক্ষতির চিত্র ততই ভেসে উঠছে। অনেক রাস্তাঘাটে কাদা-জলে একাকার হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
নদীর বাঁধ ভেঙে প্লাবিত
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রামে শুক্রবার সকালে পাহাড়ি ঢলে করাঙ্গী নদীর বাঁধ ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লোকজন পানিবন্দি হয়ে পড়ে। এদিকে জেলার হাওরে ও কুশিয়ারা নদীতে পানি বাড়ছে দ্রুতগতিতে। তবে খোয়াই নদীর পানি কমছে।
হবিগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানিয়েছেন, ভারত থেকে আসা পানির কারণে নদী ও হাওরে পানি বাড়ছে।
বাঁধ কেটে হাওরে ঢোকানো হচ্ছে পানি
সুনামগঞ্জে সুরমাসহ অন্যান্য নদ-নদীর পানি কিছুটা কমেছে। বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের নির্ধারিত পয়েন্ট কেটে হাওরে পানি ঢোকানোয় এবং ভারতের মেঘালয় ও ভাটিতেও বৃষ্টিপাত কম হওয়ায় নদীর পানি কিছুটা কমছে বলে জানান পাউবোর সংশ্লিষ্ট ব্যক্তিরা। পানি ও ফসলশূন্য হাওরে পানি প্রবেশের ফলে মাছের ডিম পাড়ার এই সময় মাছের উৎপাদন বৃদ্ধিতে ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। বৃহস্পতিবার থেকে জেলার আটটি উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কমিটির সিদ্ধান্তে বাঁধ কেটে হাওরে পানি ঢোকানো হচ্ছে।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার বলেন, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ, ছাতক, দোয়ারা, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে বাঁধ কেটে পানি ঢোকানো হচ্ছে। আজ শনিবার দিরাই-শাল্লা উপজেলায় বাঁধ কেটে হাওরে পানি ঢোকানো হবে।