গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রের দ্বিখণ্ডিত অর্ধগলিত লাশ গভীর গজারি বন থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়ানোর পর গজারি বনের ভেতর শিয়ালে খাওয়া মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
পুলিশ ও পরিবারের ধারণা, মুক্তিপণের টাকা না পেয়ে স্কুলছাত্রকে খুন করা হয়েছে।
রোববার বিকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় একটি কেমিকেল কারখানার পাশে গভীর গজারি বনের ভেতর থেকে ওই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
অপহৃত স্কুলছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে। সে স্থানীয় শতদল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীপুর গোসিঙ্গা পাকা সড়ক দিয়ে যাতায়াত করার সময় পচা দুর্গন্ধ ছড়ানোর পর আমরা কয়েকজন বিষয়টি স্থানীয় আরও অন্যদের অবহিত করলে স্থানীয়রা গভীর জঙ্গলে গিয়ে ওই শিশুর গলাকাটা মৃতদেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিয়ালে খাওয়া পচাগলা দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করেছে।
সরেজমিন দেখা যায়, মরদেহটি গভীর গজারি বনের ভেতর পড়ে রয়েছে। মাথা থেকে শরীর বিচ্ছিন্ন রয়েছে। পেটের নাড়িভুঁড়ি কোনো কিছুই নেই। অবশিষ্ট রয়েছে শুধু হাড্ডি আর মাথা। কোমরের উপরের অংশ শিয়াল কুকুরে খাওয়া।
রোমান বেপারী অভিযোগ করে বলেন, গত ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে অজ্ঞাতনামা অপহরণকারীরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়স্বজনসহ সবাইকে বিষয়টি অবহিত করি। এরপর সবার পরামর্শে থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি। অপহরণের পরের দিন ২৭ সেপ্টেম্বর অপহরণকারীরা আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানালেও আমার সন্তানকে উদ্ধারে পুলিশ যথেষ্ট গাফিলতি করেছে। যার কারণে আজ আমার সন্তানকে ওরা খুন করতে সাহস পেয়েছে।
তিনি আরও জানান, মুক্তিপণের ১০ লাখ টাকা নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর নিয়ে যেতে বলে। এই বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর থেকে কোনো যোগাযোগ নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নিহত স্কুলছাত্রের বাবার কাছ থেকে সুকৌশলে টাকাপয়সা হাতিয়ে নিতে নিহতের চাচা জুয়েল বেপারি তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর টাকা না পেয়ে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করে।
তিনি আরও জানান, নিহত স্কুলছাত্রের চাচা জুয়েল নিজেকে বাঁচাতে নিজেই বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি জিডি করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম যুগান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রের পচাগলা শিয়ালে খাওয়া দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত স্কুলছাত্রের কয়েকজন স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে নিহতের চাচা জুয়েল বেপারিও রয়েছেন। কী কারণে স্কুলছাত্রকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করল তা দ্রুত সময়ের মধ্যে বের হয়ে আসবে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে গত ৩-৪ দিন পূর্বে শিশুটিকে খুন করেছে অপহরণকারীরা।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার চন্নাপাড়া গ্রামের বাড়ির পাশ থেকে অপহৃত হয় স্কুলছাত্র বিজয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051