বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এফবি মা-বাবার দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়েছে গভীর সমুদ্রে মাছ ধরা এফভি সালমান-৩ নামে একটি ট্রলিং জাহাজের জেলেরা। তাদের হামলায় ফিশিং ট্রলারের ১৬ জেলে আহত হয়েছেন।
এ সময় হামলাকারীরা ফিশিং ট্রলার থেকে অন্তত ৫ লাখ টাকার জাল এবং ৫০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়।
গভীর সমুদ্র থেকে এসে বুধবার দুপুরে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসে এফবি মা-বাবার দোয়া ট্রলারের মালিক ও মাঝি মো. ফিরোজ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত রবিবার (২৫ এপ্রিল) গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যান পাথরঘাটা উপজেলাধীন চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট গ্রামের মো. ফিরোজ মিয়ার মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া ট্রলারসহ ১৬ জেলে। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করার সময় রাত ৮টার দিকে এফভি সালমান-৩ নামে একটি বড় ট্রলিং জাহাজ (ফিশিং ভেসেল) তাদের ট্রলারে এসে অতর্কিত হামলা করে। কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা ৫ লাখ টাকার মূল্যের প্রায় ৫ হাজার হাত জাল কেটে মাছসহ লুট করে নিয়ে যায়।
এফবি মা-বাবার দোয়া ট্রলারের মালিক ও মাঝি মো. ফিরোজ মিয়া বলেন, আমি এই হামলার বিচার ও ক্ষতি পূরণ দাবী করছি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘাটে এসে জেলেরা তাদের উপর হামলার ঘটনা জানিয়েছেন। আমরা তাৎক্ষনিক ওই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলতে পারিনি। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারের ট্রলার মালিক সমিতি ও ফিশিং ভেসেল মালিক সমিতির সাথেও যোগাযোগের চেষ্টা করছি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051