আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন ও আইনের শাসনের প্রতি আজীবন শ্রদ্ধাশীল ছিলেন। অথচ তাঁকে এদেশের কিছু মানুষ সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য আমরা হাইকোর্টে গেলে হাইকোর্টের সাত বিচারপতি বিব্রতবোধ করে এ মামলার শুনানি করতে অপারগতা প্রকাশ করেছিলেন।’
আইনমন্ত্রী আজ মঙ্গলবার বিচার প্রশাসন ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে থাকা লোকদের চিহ্নিত করতে কমিশন গঠনের কথা বললে অনেকেই এখন অসন্তুষ্ট হচ্ছে।’ তিনি আহ্বান জানান, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, ‘জিয়াউর রহমান যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হতেন, তাহলে ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত না করে বাতিল করতেন এবং বঙ্গবন্ধু হত্যার বিচার করতেন। কিন্তু জিয়াউর রহমান তা না করে খুনিদের বিদেশি মিশনে চাকরি দিয়ে পুরস্কৃত করেছেন। আর এরশাদ খুনিদের রাজনৈতিক দল গঠনের সুযোগ দিয়েছেন, ফারুককে রাষ্ট্রপতি প্রার্থী করেছেন। খালেদা জিয়া খুনি রশিদকে বিরোধী দলের নেতার আসনে বসিয়েছেন।’
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051