সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশ ও জনগণের সেবক। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের সেবা করতে হবে।
সোমবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত নবনিযুক্ত ৬৮ জন সমাজসেবা কর্মকর্তার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার।
মন্ত্রী নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সমাজের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে গেছেন, আপনারা অবহেলিত ও পশ্চাদপদ জনগোষ্ঠীকে সরাসরি সেবা দেবেন। সেবা গ্রহণকারীদের সঙ্গে আপনজনের মতো ব্যবহার করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজসবো কর্মকর্তা এতিম, প্রতিবন্ধী, অসহায় দরিদ্র ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে থাকেন। তিনি নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে যত্নশীল সমাজ বিনির্মাণে কাজ করার নির্দেশনা দেন।
পরে মন্ত্রী নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051