ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর নিঃস্বার্থ আত্মত্যাগের সুফল বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীন দেশের নাগরিক হিসেবে বর্তমানে আমরা সেই সুফল ভোগ করছি।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামপুর বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতির জন্য একটি স্বাধীন-সার্বভৌম দেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু সারাজীবন যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছেন- তরুণ প্রজন্মকে তার সঠিক ইতিহাস জানতে হবে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সদস্যদেরকে নৃশংসভাবে হত্যার পর ২১ বছর ধরে স্বাধীনতাবিরোধী শক্তি এ দেশের তরুণ প্রজন্মকে জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শিক্ষা দিয়েছে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে প্রকৃত সত্য জানতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বইগুলো পড়তে হবে। এসময় তাদেরকে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিষয় ও তার চিন্তা-চেতনা ধারণ করে এমন বইগুলো বেশি বেশি পড়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামাত তাদের শাসনামলে বাংলাদেশকে পাকিস্তানি ধারার সন্ত্রাসী-জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে দেশকে উন্নয়ন অগ্রযাত্রায় পরিচালিত করেছেন। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্যশস্য রপ্তানি করছে। গার্মেন্টশিল্পের প্রভূত উন্নতি ও প্রবাসীদের উপার্জনের মাধ্যমে বাংলাদেশ ঈর্ষণীয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। ডিজিটাল বাংলাদেশের বাস্তবতায় জনগণের অর্থনৈতিক ও সামাজিক জীবনে এসেছে ব্যাপক পরিবর্তন।
তিনি বলেন, বাংলাদেশের এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। কোনোভাবেই যাতে সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন বিশেষ করে তরুণ সমাজকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্ব ও তার দূরদর্শী সিদ্ধান্তের ফলে করোনার কঠিন সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়নি। দরিদ্র-কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। অর্থনীতির চাকা সচল রেখে জীবন-জীবিকার মধ্যে সমন্বয় সাধন করে দেশের অগ্রগতি এগিয়ে নেওয়া হয়েছে। পদ্মা, মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে।
ইসলামপুর বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ এ কে এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদ, বীর উত্তম খালেদ মোশাররফ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, ২ নম্বর বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক প্রমুখ।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য ও অন্যান্য সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকালে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর থানার নতুন ভবন নির্মাণের সম্ভাব্য স্থান, এএসপি সার্কেলের কার্যালয় নির্মাণের সম্ভাব্য স্থান ও গুঠাইল পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট ও র্যাভিনিও) ড. শোয়েব আহমেদ, জামালপুর জেলার পুলিশ সুপার মো. নাসিরুদ্দিন, এএসপি সার্কেল ইসলামপুর মো. সুমন মিয়া প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051