কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বখাটের অপমান সইতে না পেরে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ওই কিশোরীর নাম মিষ্টি আক্তার (১৬)। সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের ফেডারেশনপাড়ার মুকুল হোসেনের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে মৃত কিশোরীর মামা আদম আলী জানান, মিষ্টি একটি প্যাকেজিং (ঠোংগা) তৈরির দোকানে কাজ করতো। গত ৩-৪ দিন আগে পাশের বাড়ির আছর উদ্দিনের বখাটে ছেলে নাঈম সরকার (২০) তার ভাগনির মিষ্টির ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে বিষয়টি ইউপি মেম্বার সোহরাব আলীকে জানালে তিনি মীমাংসার জন্য একটি সালিশি বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় মেম্বার সাহেব আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
এরপর থেকে নাঈমের পরিবার আইনি পদক্ষেপ না নিতে আমার ভাগনি মিষ্টিকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল। এমনকি বাড়ির বাইরে বের হলেই তারা নানাভাবে ভয়ভীতি দেখাত ও গালাগালি করত। রোববার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্য মিষ্টি বাড়ি থেকে বেড় হলে নাঈম ও তার পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করে লাঠি দিয়ে মারার চেষ্টা ও অপমান করে। এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মিষ্টি আত্মহত্যা করে।
এ ঘটনার পর থেকে নাঈমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ফলে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ইউপি সদস্য সোহরাব হোসেন কিশোরীর মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, এর আগে শ্লীলতাহানির চেষ্টার বিষয়টি নিয়ে সালিশি বৈঠক হয়েছিল। সেখানে কোনো সমাধান না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051