বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আলোচনা সভা করে, বক্তৃতা করে কাজ হবে না। আন্দোলনের ডাক দিন, সরকার পতনের আন্দোলন।’
তিনি বলেন, ‘যদি অতীতের কোনো ইতিহাসে আমরা থেকে থাকি, তাহলে সামনের ইতিহাসেও থাকব। আরেকটি ইতিহাস সৃষ্টি করব।’
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। আর আমরা করছি আলোচনা সভা। সেখানে বক্তৃতা করে যাচ্ছি। আমার মনে হয়, আলোচনা সভা করে কথা বলে আর কাজ হবে না। কথা বলার চেয়ে এখন জরুরি সরকার পতন আন্দোলন।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051