সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার সামনে অবস্থান নেন পোশাক নীট ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা জানান, গত ২৪, ২৫ ও ২৬ জুন পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ২৭ জুন সকালে কারখানা খোলার কথা থাকলে কারখানায় গিয়ে শ্রমিকরা আরও ১০ দিন বন্ধের নোটিশ দেখতে পান। সেইসঙ্গে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় ১ বছর চাকরি করা শ্রমিকদের বেতন প্রদান করা হবে। এই ঘোষণার পর আবার কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘেষণা করা হয়।
এরপর থেকে কারখানা কর্তৃপক্ষ পলাতক রয়েছে। গত মার্চ মাসে ৩০ জন শ্রমিকের বেতন প্রদানের পর এপ্রিল মাস থেকে কোনো শ্রমিকের বেতন প্রদান করেনি কারখানা কর্তৃপক্ষ। তিন মাসের বেতনের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।
কারখানার শ্রমিক শাহানা বলেন, ‘গত মার্চ মাস থেকে কর্তৃপক্ষ আমাদের বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। আমরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালারা খারাপ আচরণ করছেন। দোকানদাররা আর বাকিতে সদাই দিচ্ছে না। আমাদের ঘরে খাওয়ার কিছু নাই। আমাদের বেতন দিলে আমরা সবার পাওনা টাকা পরিশোধ করে বাড়ি যেতে চাই।’
এ ব্যাপারে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন জানান, অন্যায়ভাবে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে কারখানা বন্ধ করে কারখানা কর্তৃপক্ষ। এই করোনা মহামারিতে এটা অমানবিকতার পরিচয়। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের যুব কমিটির সভাপতি শেখ হাসান আলী, সাভার আশুলিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা মাহবুব আলম বাচ্ছু, শ্রমিক নেতা বাকের, অরবিন্দু ব্যাপারী বিন্দুসহ প্রায় শতাধিক শ্রমিক।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051