পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দার ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে ফ্রান্স। এই হামলায় এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার (৩০ অক্টোবর) অভিযান চালায় ফ্রান্স। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন। এ সময় মধ্য মালিতে আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয় তাদের নজরে আসে। এই আনারুল গোষ্ঠী মূলত আল-কায়দার সঙ্গে কাজ করে।
পার্লি আরও জানান, ফ্রান্সের নজরদারি ড্রোন দেখার পর জঙ্গিরা গোপন ডেরায় আশ্রয় নেয়। তবে বিমানবাহিনী সেই ডেরা চিহ্নিত করে হামলা চালায়। হামলায় বেশির ভাগ জঙ্গিরই মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে চার জঙ্গিকে। ওই স্থান থেকে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।
এ ঘটনার পরপরই নাইজারের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেখানে গেছেন। এ ছাড়া মালিতে ২০০ জন জেলবন্দির মুক্তির বিনিময়ে বিদ্রোহীদের কাছ থেকে চার ফরাসির মুক্তিও নিশ্চিত করেছে ফ্রান্স সরকার।
গত জুনেই মালিতে বড়সড় সাফল্য পেয়েছিল ফরাসি সেনারা। আল কায়েদার শীর্ষ নেতা আবদেলমালেক দ্রুকদেল ফরাসি সেনার হামলায় নিহত হন। তবে শুক্রবারের হামলায় আল কায়েদার এই কমান্ডার নিহত হয়েছেন কি-না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পার্লি।
ওই অঞ্চলে বিদ্রোহীদের মোকাবিলায় ফ্রান্স পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে।
সূত্র: ডয়েচে ভেলে
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051