অসুস্থবোধ করলে দিনরাত ২৪ ঘণ্টার যেকোনো সময়ে ফোন করলেই বাসার সামনে পৌঁছবে অ্যাম্বুলেন্স। আর রোগীর কাঙ্ক্ষিত হাসপাতাল-ক্লিনিকে পৌঁছে দেওয়া হবে পুলিশের তত্ত্বাবধানে। এই জন্য রোগীকে পরিশোধ করতে হবে না এক টাকাও। সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা যুক্ত হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। প্রাথমিকভাবে এই সেবা পাবেন শুধুমাত্র কোতোয়ালী থানা এলাকার বাসিন্দারা।
শনিবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।
ইতোমধ্যেই যিনি সারা দেশে মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে নিজকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে নগরবাসীর জন্য আরো একটি মানবিক সেবামূলক কার্যক্রম যুক্ত হলো মহানগর পুলিশের। আর এটিই হয়ে থাকছে সর্বশেষ মানবিক উদ্যোগের বাস্তবায়ন। কারণ, তিনি ইতোমধ্যেই শিল্পপুলিশে বদলি হয়েছেন। শিগগির তিনি চট্টগ্রাম ছেড়ে যাবেন। আর যোগ নেবেন শিল্প পুলিশ ইউনিটে। অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা উদ্বোধনের সময় তিনি কোতোয়ালী থানার নবনির্মিত গেইটটিও উদ্বোধন করেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমেদ খান ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ প্রমুখ।
মানবিক সেবামূলক কার্যক্রম অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, জন্ম থেকে বড় হয়ে উঠার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েই আছে, এই নেতিবাচক ধারণা কিভাবে কমানো যায়, সেই চিন্তা থেকেই করোনাকালে সিএমপি মানবিক কার্যক্রম চালিয়েছে। আমরা করোনাকালকে দূরত্ব কমানোর একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছিলাম। কাজ করতে গিয়ে সিএমপিসহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছিলেন। আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা বেশিরভাগ সদস্যই সুস্থ হয়েছি। নগরবাসীও অনেকেই আক্রান্ত হয়েছেন। প্রথমদিকে যে অব্যবস্থাপনা ছিল সার্বিকভাবে সরকারের নজরে আসার পর একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ইতিমধ্যে সমস্যাগুলো অনেকাংশে লাঘব হয়েছে। আমাদের ভালো কাজের মাধ্যমে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা যদি দূর হয়ে যায় সেটিই একজন অফিসার হিসেবে আমার প্রাপ্য, আমার কাম্য।
'হ্যালো এম্বুল্যান্স ' সেবা সম্পর্কে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ' হ্যালো এম্বুল্যান্স ' বিনামূল্যে এম্বুলেন্স সেবা।০১৭৬৯৬৯৫৬৬৫,০৩১৬১৯৯২২ নাম্বারে ফোন করলে অ্যাম্বুল্যান্সই বাসায় পৌঁছে যাবে। হাসপাতালে পৌঁছে দিবে বিনামূল্যে। আপাতত কোতোয়ালী থানা এলাকাতেই পাওয়া যাবে এই সেবা। করোনাজয়ী এক মা কোতোয়ালী থানা এলাকার মানুষের জন্য এই উপহার দিয়েছেন।'
'হ্যালো অ্যাম্বুল্যান্স' ও গেইট উদ্বোধনের পাশাপাশি পুলিশ কমিশনারের করোনা জয় এবং বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করে কোতোয়ালী থানা। এছাড়া পুলিশের কার্যক্রমকে সহযোগিতার জন্য অনিতা চৌধুরী এবং প্রণত মিত্রকেও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠারেন পুলিশ কমিশারের করোনা জয় নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051