উদ্ভুত পরিস্থিতিতে হেফাজত নেতা-কর্মীসহ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক। শনিবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ আহ্বান জানান তিনি।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শুরুতেই দেশ ও প্রবাস থেকে যারা তার ফেসবুক লাইভ দেখেছেন ও মিডিয়াকর্মীদের উদ্দেশে বলেন, অনেকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আট মিনিটের লাইভে মামুনুল হক বলেন, আমরা পারিবারিকভাবে ফেসবুক লাইভ করছি। আমার সাথে উপস্থিত আছেন আমার বড় ভাই হাফেজ মাহমুদুল হক, মেজ ভাই হাফেজ মাহবুবুল হক ও জামেয়া আরিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহফুজুল হক। আমরা পারিবারিকভাবে বিষয়টি তুলে ধরার জন্য এখানে এসেছি। আশা করছি আমার এ বক্তব্যের পর কোনো বিভ্রান্তি ও বিষয়টি নিয়ে কেউ ভিন্ন বক্তব্য দেয়ার চেষ্টা করবেন না।
তিনি বলেন, আজকে যে ঘটনাটি হয়েছে, সেটি হলো আমি বেশ কয়েক দিন টানা রাত-দিন পরিশ্রমের কারণে অনেকটা হাফিয়ে উঠেছিলাম। একটু বিশ্রামের প্রয়োজন ছিল। বিশ্রামের জন্য ঢাকার অদূরে সোনারগাঁওয়ে একটি সুন্দর দর্শনীয় জাদুঘরে গিয়েছিলাম। আমার সাথে আমার স্ত্রী ছিলেন। আমার স্ত্রীর পরিচয় নিয়ে কিছুটা ধোয়াশা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
লাইভে মামুনুল হক বলেন, ‘আমার সাথে যিনি ছিলেন, তিনি আমার দ্বিতীয় স্ত্রী। উপস্থিত কেউ বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেছেন। যিনি ওখানে উপস্থিত ছিলেন সম্ভবত পুলিশের সার্কেল এএসপি মোশারফ সাহেব, আমার কাছ থেকে তথ্য প্রমাণ নিয়ে যাচাই করে বিষয়টি নিশ্চিত হয়েছেন। যিনি আমার সাথে ছিলেন, তিনি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীর ওয়াইফ (স্ত্রী) ছিলেন, সাবেক ওয়াইফ। তাদের দু’টি সন্তান রয়েছে। আড়াই বছর ধরে পারিবারিক কলহ ছিল। সেই সূত্র ধরে দু’বছর আগে পারিবারিকভাবে ও আমার ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবের উপস্থিতিতে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তিনি শরিয়ত সম্মত আমার স্ত্রী। আমার এই বক্তব্য শুনে স্থানীয় পুলিশ প্রশাসন সন্তুষ্ট হয়েছে। সেখানে স্থানীয় সাংবাদিকদের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগ ও সরকার দলীয় কয়েকজন দায়িত্বশীল। তারা আমার সাথে অসদাচরণ করেছেন এবং লাইভ ভিডিও ধারণ করে সেখানে তারা সন্ত্রাসী কায়দায় কিছু হামলা ও আক্রমণ চালিয়েছেন। এ বিষয়গুলো যখন তারা লাইভ ভিডিও সম্প্রচার করেছেন, দেশবাসী জেনেছে। আমার সেখানকার বক্তব্য দেশের মানুষ শুনেছেন। আমার সেই বক্তব্য শুনে আমার পারিবারিক পরিচয়, স্ত্রীসহ পরিচয়টা স্পষ্ট ভাষায় তুলে ধরার পর ভাইরাল হয়ে গেছে।
তিনি আরো বলেন, স্থানীয়ভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। হেফাজতকর্মীরা আমাকে উদ্ধার করার জন্য সেখানে উপস্থিত হন। তারা উত্তেজিত অবস্থায় সেখানে কিছু ভাঙচুর চালায়। যেখানে তারা ভাঙচুর করছিল। আমি তাৎক্ষণাত জনতাকে শান্ত করার চেষ্টা করি এবং উত্তেজিত জনতাকে ওইখান নিয়ে চলে আসি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মাওলানা মামুনুল হক বলেন, এই ঘটনা আমার পরিবার জানে এবং পারিবারিক অভিভাকরাও জানেন। পুলিশে উপস্থিত কর্মকর্তা এসপি তিনিও ফোনে আমার পরিবারের সাথে কথা বলেন এবং বিষয়টি নিশ্চিত হন। কাজেই আমি আহ্বান করবো, এ বিষয় নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর কিছু প্রচার না করে। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা কোনো অবস্থাতেই উত্তেজিত কোনো আচরণ করবেন না। শান্ত থাকবেন। কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয় এমন আচরণ করবেন না। আমার আইডি থেকে আমি এটি তুলে ধরলাম। কোনো ধরনের পক্ষ-বিপক্ষ অবস্থান নিয়ে কেউ সংঘাতমূলক কোনো আচরণে লিপ্ত হবেন না।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051