নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ সানি (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সন্ত্রাসীরা আরও তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে। সোমবার রাতে ৮টার দিকে উপজেলার গোলান্দাইল বেড়িবাঁধ এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। নিহত মোহাম্মদ সানি গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহাফুজ ফেসবুকে মোহাম্মদ সানিকে নিয়ে একটি মানহানিকর স্ট্যাটাস দেয়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এছাড়া আগে থেকেই মাহাফুজদের সঙ্গে মোহাম্মদ সানিদের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল।
রাত ৮টার দিকে মোহাম্মদ সানি ও তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় মাহাফুজকে খুঁজতে যায়। এসময় মাহাফুজের সহযোগী দুই জনকে আটক করে ফেলে মোহাম্মদ সানিসহ তার লোকজন। এরপর তারা ধারালো অস্ত্রের মহড়া দেয়। এসময় মাহাফুজ, তার ভাই মাসুমসহ তাদের লোকজনও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা মহড়া দেয়।
এক পর্যায়ে মাহাফুজ, তার ভাই মাসুমসহ তাদের লোকজন মোহাম্মদ সানিসহ তাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহাফুজ ও মাসুমসহ প্রতিপক্ষের সন্ত্রাসীরা মোহাম্মদ সানিকে রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
এ সময় হীরা, সায়েমসহ আরও তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে আলামিনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051