আবারো চালু হচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন। শিগগিরই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।
সোমবার (৫ জুলাই) সংবাদমাধ্যমে এমনই তথ্য জানিয়ে তিনি বলেন, এ দফায় ৩৫ বছর বয়সীরাও নিবন্ধন করতে পারবেন।
মহাপরিচালক আরও জানান, বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেওয়া হয়েছে। শিগগিরই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের টিকাবিষয়ক তথ্য বলছে, টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেওয়া হয়েছে।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের ১১ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৪৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৮২৩ জন।
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতলে আরও ১৭ জন, সাতক্ষীরায় ৮, চুয়াডাঙ্গায় ৯, টাঙ্গাইলে ৭, নাটোর ও কুড়িগ্রামে একজন করে, ময়মনসিংহে ১৫, চট্টগ্রামে ৫ এবং বরিশালে ১২ জনের মৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051