নৌ দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এখন থেকে ফেরিতে বাস তোলার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নামিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে রেলিং লাগানো বাধ্যতামূলক করা হবে। অনেক সময় ফেরিতে গাড়ি ওঠানামার সময় বা ঢেউয়ের কবলে পড়ে দুর্ঘটনার ঝুঁকি থাকে, যা রেলিং স্থাপনের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘আমরা মানুষের জীবনের নিরাপত্তা দিতে দায়বদ্ধ। অনেক সময় ফেরিতে যাত্রীসহ বাস দুর্ঘটনায় পড়লে বড় প্রাণহানি ঘটে।
এটি রোধ করতেই যাত্রীদের নামিয়ে খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে পালন করা হবে।’
সচিবালয়ের এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নির্দেশনার ফলে ফেরি ঘাটগুলোতে জননিরাপত্তা আরো জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051