চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকায় রাজশাহী মহাসড়কের পার্শ্বে অবস্থিত মেসার্স ইসলাম ফিলিং স্টেশন কম্পাউন্ডের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি এলপি গ্যাসচালিত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ সময় গাড়িতে গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করা অবস্থায় গ্যাস মিস্ত্রী আল-আমিনের (৩০) মুখমন্ডল ও হাত দগ্ধ হয়। তাঁকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়।
আল আমিন শহরের সিসিডিবি মোড় এলাকার কুরবান আলীর ছেলে।
তবে ঘটনার সূত্রপাতের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, পাম্প কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস, পাম্প ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জাননুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে ফিলিং স্টেশনের ভেতরে পার্ক করা খালি মাইক্রোবাসটিতে (ঢাকা মেট্রো-১৩-৪৪৯০) গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করছিলেন আল-আমিন।
এ সময় গাড়িটির গ্যাস সিলিন্ডারে কোনোভাবে আগুন লেগে যায়। আগুন দ্রুত গাড়ির পেছনের সিলিন্ডার থেকে সামনের দিকে ছড়িয়ে পড়ে।
ফিলিং স্টেশনের পাম্পের পানি, অগ্নিনির্বাপক সিলিন্ডার (ফায়ার এস্টিংগুসার) বালি ইত্যাদি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিএডি মাহবুবুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই গাড়িটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৩টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়নি। দাহ্য অংশগুলো পুড়ে গেছে। প্রাথমিকভাবে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে ফিলিং স্টেশনে ঘটা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে বড় ক্ষতি এড়ানো গেছে বলেও জানান ডিএডি।
ফিলিং স্টেশন স্বত্বাধিকারী আফজাল হোসেন বলেন, গাড়ির আগুন নেভাতে ৬টি ফায়ার এস্টিংগুসার কাজে লাগানো হয়।
গাড়িটি ফিলিং স্টেশনের গ্যাস ও তেল রিজার্ভ এবং ডেলিভারি পয়েন্ট থেকে কিছুটা দূরে রাখা ছিল বলেও তিনি দাবি করেন। তবে এ ঘটনা থেকে বড় দুর্ঘটনা হতে পারত বলেও তিনি স্বীকার করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার ইসমাইল হোসেন বলেন, দগ্ধ আল-আমিনকে বিকেল সাড়ে ৩টার পর হাসপাতালে আনা হলে ভর্তি করা হয়। আল আমিনের উন্নত চিকিৎসার প্রয়োজন পড়তে পারে বলে জানান তাঁর ভাই আব্দুস সালাম।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051