
অঘোষিত ফাইনালের আগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক এনামুল হক বিজয়ের আশা, ‘ম্যাচটি জমকালো ও আকর্ষণীয় হবে।’ যদিও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজই শেষ হতে চলা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেরকম ম্যাচ হয়েছে সামান্যই। বরং স্কোরবোর্ডে ১৩০-৪০ রানের ছোট পুঁজিও জয় নিয়ে মাঠ ছাড়ার স্বস্তি দিয়েছে আগে ব্যাট করা দলকে। তবে এভাবে এগোতে থাকা আসরের শেষাঙ্কে এসে অন্য চিত্রও দেখা গেছে। বৃহস্পতিবার যেমন আবাহনীর ১৭৪ রান তাড়া করে শেখ জামাল ধানমণ্ডির অবিশ্বাস্য জয় শিরোপার অঙ্কেও উত্তাপ নিয়ে এসেছে। একই দিন সন্ধ্যায় প্রাইম দোলেশ্বরের কাছে প্রাইম ব্যাংকের হার আজ দুপুরের ম্যাচটিকে রীতিমতো ‘ফাইনাল’-এর মর্যাদাই দিয়ে ফেলেছে। যারা জিতবে, শিরোপা তাদেরই। এই সমীকরণ সামনে নিয়ে দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী আর প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা প্রাইম ব্যাংক।
ম্যাচটি আজ হওয়ার কথা ছিল সকালে। তবে কাল এক বিবৃতি দিয়ে ঢাকার লিগ পরিচালনা সংস্থা সিসিডিএম সেটি দুপুরে নিয়ে আসার কথা জানিয়েছে। দুই দলই ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মুখোমুখি হচ্ছে একে অন্যের। এদের প্রথম পর্বের লড়াইয়ে জিতেছিল আবাহনীই। সেই ম্যাচ থেকে বিশ্বাস নেওয়ার কথা শোনা গেল কোচ খালেদ মাহমুদের মুখেও। তবে আগে জেতা মানেই জয়ের পুনরাবৃত্তির নিশ্চয়তা যে নয়, সেটিও মনে করিয়ে রাখলেন মোসাদ্দেক হোসেন। হাতের আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের জায়গায় গত দুই ম্যাচে এই অফস্পিনিং অলরাউন্ডারই নেতৃত্ব দিচ্ছেন আবাহনীকে। প্রতিপক্ষের প্রতি সমীহ রেখেই তিনি বললেন, ‘প্রাইম ব্যাংক শক্ত প্রতিপক্ষ। শিরোপা জেতার সুযোগ ওদেরও আছে। কাজেই ওদের সঙ্গে জিততে নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে আমাদের। প্রথম পর্বের জয় এখানে কোনো কাজেই আসবে না।’
নতুন আরেকটি লড়াইয়ে ফাইনালের মেজাজ চলে এলেও মোসাদ্দেক ‘ফাইনাল’ ব্যাপারটি ভুলেই থাকতে চাইছেন, ‘ফাইনাল ভেবে খেলতে নেমে বাড়তি চাপ নেওয়ার দরকার কী! আমরা বরং এটিকে স্রেফ আরেকটি ম্যাচ ভেবেই নামতে চাই।’ তবে এমন শিরোপা ভাগ্যনির্ধারণী ম্যাচে মুশফিকুর রহিমের অভাবও ঠিকই অনুভব করছেন তিনি, ‘মুশফিক ভাই এমন পারফরমার যে তাঁর শূন্যতা পূরণ অসম্ভব। এই ম্যাচে তাঁকে পেলে অবশ্যই ভালো হতো। কিন্তু ক্রিকেট ম্যাচে কে আছে কে নেই, সেটি ভেবে খেলতে নামলেও চলে না। যাঁরা আছে, তাঁদের নিয়েই জিততে হয়। মুশফিক ভাইকে ছাড়া আমরা দুটি ম্যাচ খেলে ফেলেছি। একটিতে জিতেছি, হেরেছি আরেকটিতে। এটা জানি যে চ্যাম্পিয়ন হতে গেলে ওনাকে ছাড়াই জিততে হবে।’ সেই জয়ের জন্য আজ লিটন কুমার দাসের ব্যাট থেকে আরেকটি ঝোড়ো ইনিংস নিশ্চিতভাবেই চাইবে আবাহনী। চোটের কারণে প্রথম পর্বে খেলতেই না পারা লিটন সুপার লিগের শুরু থেকেই আছেন। তবে প্রথম ফিফটি পেয়েছেন চতুর্থ ম্যাচে গিয়ে। শেখ জামালের বিপক্ষে ৫১ বলে তাঁর ৭০ রানের বিস্ফোরক ইনিংস শেষ পর্যন্ত বিফলে গেলেও তাঁর ছন্দে ফেরাও আজকের ‘ফাইনাল’-এর আগে আবাহনীর জন্য কম স্বস্তিদায়ক নয়। এই ম্যাচের বিজয়ী যেমন শিরোপা জেতার আনন্দে ভাসবে, তেমনি হেরে যাওয়া দলকে তৃতীয় হওয়ার বিষাদেও ডুবতে হতে পারে। কারণ ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আবাহনী ও প্রাইম ব্যাংকের ঠিক পেছনেই আছে প্রাইম দোলেশ্বর। আজ সকালে তাদের মুখোমুখি হচ্ছে সুপার লিগে সব ম্যাচ হারা মোহামেডান। এই ম্যাচ জিতলে দোলেশ্বরের পয়েন্ট হবে ২৩। সে ক্ষেত্রে ফাইনালে হেরে যাওয়া দল ২২ পয়েন্ট নিয়ে হবে তৃতীয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ