আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিসহ ৬ জনের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ২০০ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হালদার এবং মোস্তাফিজুর রহমান বাবু জানান, রিফাত হত্যা মামলার দুটি খণ্ডের মধ্যে প্রাপ্তবয়স্কদের রায় হয়েছে বুধবার।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আয়শা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসান।
এছাড়া মামলায় খালাস পেয়েছেন মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বী, মো. সাগর ও কামরুল ইসলাম সাইমুন।
আইনজীবী এম মজিবুল হক কিসলু জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করার ইচ্ছা পোষণ করলে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ অর্থাৎ আপিলের আবেদন উচ্চ আদালতে দায়ের করতে হবে। বিষয়টি রায়ের আদেশেও উল্লেখ করা হয়েছে।
এদিকে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর রায় ঘোষণার পর অল্প সময়ের মধ্যেই আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এসময় তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, মিন্নির প্রতি অবিচার করা হয়েছে, আমরা উচ্চ আদালতে যাবো। সে কথা জানিয়েছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।
উল্লেখ্য, ফাঁসির রায় ঘোষণার পরপরই জামিনে থাকা মিন্নিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আর দণ্ডপ্রাপ্ত বাকি ৫ আসামি আগে থেকেই হেফাজতে ছিলো।
মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে নিহত রিফাতের স্ত্রী মিন্নি একা নারী হওয়ায় তাকে আলাদা একটি গাড়িতে কারাগারে নেওয়া হয়, বাকি ৫ আসামিকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়া হয়। এসময় আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এর আগে বুধবার সকালে মিন্নি তার বাবার মোটরসাইকেলে করে আদালতে আসে। তবে রায় ঘোষণা পর বাবাকে ফিরে যেতে হয় তাকে ছাড়াই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051