নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ৩৯জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ফতুল্লা থানা পুলিশ। নাশকতার অভিযোগে পুলিশ এ মামলা দায়ের করে।
তবে বিএনপি নেতারা বলছেন, পুলিশ যে ঘটনা দেখিয়ে মামলা দায়ের করেছে এমন কোনো ঘটনা ঘটেনি। এটা একটা গায়েবি মামলা।
রোবাবার (১ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক মামলাটি দায়ের করেন।
মামলায় বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল, তুষার আহমেদ মিঠু, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন, শহিদুল্লা, ইকবাল কমিশনারকেও আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রঘনাথপুরস্থ আজিমুনসান মাদরাসাগামী সিদ্ধিরগঞ্জে যাওয়ার প্রবেশ পথে উল্লিখিত বিএনপির নেতাকর্মীরা হাতে মশাল, লোহার রড, হকিস্টিক, চাপাতি, ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে রাস্তায় টায়ারের আগুন ধরিয়ে মশাল মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, হামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানায়, ‘ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা ওই দিন এমন কোনো কর্মসূচি পালন করেনি। কর্মসূচি হলে অবশ্যই আমি জানতাম। আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জনই মূলত এই মামলা দায়ের হয়েছে। ইতোপূর্বেও আমাদের বিরুদ্ধে এমন গায়েবি মামলা দায়ের হয়েছে।’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051