রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের প্রকাশনগর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ায় ক্ষোভে অভিমানে আত্মহত্যা করেন রবিউল ইসলাম (২২) নামে এক তরুণ।
এদিকে প্রেমিকের আত্মহত্যার পর মেয়েটিও বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে প্রেমিকা আশা খাতুন (২১) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেমিক রবিউল তানোরের পাঁচন্দর ইউনিয়নের প্রকাশনগর টকটকিয়াপাড়া গ্রামের কৃষক শাজাহান আলির ছেলে।
আশা খাতুন একই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। রবিউল দেবীপুর হাফেজিয়া মাদ্রাসা থেকে তিন বছর আগে কুরআনে হাফেজ হন। পরে আলিম পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শেষে সৌদি গমনের চেষ্টা করছিলেন রবিউল।
ঘটনার বিবরণ দিয়ে তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, রবিউল কুরআনের হাফেজ হন। পরে মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়াশোনা করেন। বছর দেড়েক আগে প্রকাশনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে আশা খাতুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। রবিউলের পরিবার বিয়েতে রাজি থাকলেও আশা খাতুনের পরিবার রাজি হয়নি। শেষ পর্যন্ত মেয়েটিকে অন্যত্র বিয়ে দেন আশার পরিবার। রবিউলের সঙ্গে সম্পর্ক ছিল এই অজুহাতে কিছুদিন আগে আশার সংসার ভেঙে যায়। সেই থেকে মেয়েটি রবিউলের সঙ্গে আবারো যোগাযোগ করে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল।
তিনি জানান, মেয়েটির ভয়ে রবিউল রাজশাহীতে থাকছিলেন। মঙ্গলবার রাতে বাড়িতে ফিরলে খবর পেয়ে মেয়েটি গভীর রাতে তার বাড়িতে গিয়ে উঠেন। উভয়ের মধ্যে ঝগড়া হয়। মেয়েটিকে বুঝিয়েও বিদায় করতে না পেরে রবিউলের বাবা-মা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরের দিকে রবিউল অন্য এক ঘরে ঢুকে ভেতর থেকে ছিটকানি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ রবিউলের লাশ উদ্ধার করেন। তবে প্রেমিক আত্মহত্যা করায় মেয়েটি নিজ বাড়িতে ফিরে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, উভয় পরিবারের মধ্যে কিছু সমস্যা ছিল। এ কারণে প্রথমে তাদের বিয়ে হয়নি। মেয়েটির বিয়ে হলেও স্বামীর ঘরে থাকতে পারেননি। মেয়েটি রবিউলকে বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল। এদিকে রবিউল গলায় ফাঁস দিয়েছে দেখেই মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গিয়ে কিছুক্ষণ পরেই বিষপান করেন বলে জানা যায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051