বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথের বিরুদ্ধে তদন্ত করবে স্বাস্থ্য অধিদফতর। আর এজন্য একটি তদন্ত টিম গঠন করেছে অধিদফতর।
প্রাভা হেলথ করোনার টেস্টে ভুল রিপোর্ট দিয়েছে- এমন অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত করবে স্বাস্থ্য অধিদফতর। আর এ তদন্ত করার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে অধিদফতর। তদন্ত দলকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ও তদন্ত কমিটির প্রধান ডা. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিকের একটি অভিযোগ আমলে নিয়ে তারা প্রাভা হেলথের বিরুদ্ধে তদন্ত করছেন।
তিনি বলেন, গত ১২ জুলাই মাহফুজ শফিকের অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ জুলাই তদন্ত কমিটি গঠন করা হয়। তারা আজ (১৫ জুলাই) এ নিয়ে প্রাভা হেলথ কর্তৃপক্ষ এবং অভিযোগকারীর সঙ্গে কথা বলেছেন।
তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, আশা করছি আগামী সাত দিনের ভেতরে এ তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে পারবো।
আর ভুক্তভোগী অভিযোগকারী সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক গণমাধ্যমকে বলেন, গত ৭ জুলাই বিকেলে তার স্ত্রী ফারজানা রহমান, দুই মেয়ে বায়না শফিক এবং জেইন শফিকের করোনা পরীক্ষার নমুনা দেয়। কারণ তার দুই দিন পর গত ৯ জুলাইতে তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক হওয়াতে তারা এ বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা দেন। সাত জুলাই রাতে তার স্ত্রীর ফোনে এসএমএস আসে তিনি করোনাতে আক্রান্ত। কিছুক্ষণ পর পৃথক এসএমএসে তাদের দুই মেয়েও পজিটিভ বলে জানানো হয় প্রাভা হেলথের পক্ষ থেকে।
কিন্তু মেয়েদের পজিটিভ আসাতে একটু সন্দেহ হয় জানিয়ে প্রাভার সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, তাদের প্রতিষ্ঠানের মেশিন একদম নতুন ও অত্যাধুনিক, তাই ভুল হবার কোনও সম্ভাবনা নেই।
এরপর বাবা শফিক আহমেদের বয়স ৮৫ বছর এবং ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানমের বয়স ৭৬ বছর এবং সবাই একসঙ্গে থাকেন বলে তাদের নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। একইসঙ্গে তিনি নিজেও আক্রান্ত কিনা সেটা জানতে তিনি বেসরকারি গ্রিন লাইফ হাসপাতালে নমুনা দেন।
তিনি সেখান থেকে তার পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তিনি প্রাভা হেলথের রিপোর্ট নিয়ে অভিযোগ করেন।
এরপর তিনি গত ৮ জুলাই রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পরিবারের সবাইসহ মোট ২০ জনের নমুনা দেন। ৯ জুলাই তারা সবাই নেগেটিভ বলে জানানো হয় আইইডিসিআর থেকে।
মাহফুজ শফিক গণমাধ্যমকে বলেন, এরপরই একজন ভুক্তভোগী হিসেবে, যতটুকু অন্যায় হয়েছে আমার প্রতি সেটা আমি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক এবং র্যাবের ডিজি-সবাইকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছি।
‘চিঠি দেওয়ার পর আজ (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি আমার সঙ্গে কথা বলবে বলে জানালে, সেখানে আমি আগের অভিযোগগুলোর সঙ্গে একটি চিঠিতে নতুন কিছু পয়েন্টও লিখে দিয়ে এসেছি।’
‘আগামী রবিবারের ভেতরে তারা তদন্ত প্রতিবেদন দেবে বলেও জানানো হয়েছে আমাকে। প্রতিবেদনে কী হবে সেটা বলতে পারছি না তবে আমার মত আর কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমার অভিযোগ।’
তিনি বলেন, প্রাভার ভুল রিপোর্টের কারণে যে ঝড় বয়ে গেছে পুরো পরিবারের ওপর দিয়ে। স্ত্রী এবং সন্তানদের ফ্লাইট বাতিল হয়েছে- এটা আর কারও সঙ্গে হোক, চাই না।
এ বিষয়ে প্রাভা হেলথের ওয়েবসাইটে থাকা নম্বরে কল করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন নাম্বার চাওয়া হলে এ প্রতিবেদকের নাম এবং পদবি চেয়ে পরে যোগাযোগ করবেন বলে জানান কল সেন্টারে কর্মরত নাঈম।
পরে তিনি ফোন করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনার ইস্যু পাস করে দিয়েছি। আর কোন প্রশ্ন থাকলে তাদের দেওয়া ই-মেইল আইডিতে প্রশ্ন পাঠাবেন। মেইল করার পর তারা ফিডব্যাক দেবেন বলেও জানান তিনি।
তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ নেই যিনি ফোনে কথা বলবেন- এমন প্রশ্নে নাইম বলেন, অবশ্যই কথা বলা হবে। তবে ফরমালি যোগাযোগ করা হবে ই-মেইলের মাধ্যমে। আর যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথা বলতে পারছেন না তারা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051