কিরে , আজ যদি হারিয়ে যাওয়া সেই পুরোনো কথা গুলি আবার তোকে বলি!
তুই মনে করতে পারবি তো?
মনে দুঃখ ও কি পাবি ? কোনো অনুশোচনা হবে কি তোর ? নাকি পুরোটাই বদলে ফেলেছিস?
অপ্রয়োজনীয় সবকিছু কি জঞ্জাল হয় রে ?
আমার মনে হয় তোর ব্যাপার টা সেই......বুক ফাটে তো মুখ ফোটেনার মত,... তাই না?
আমি যে সুখের চেয়ে দুঃখ অনেক বেশি ভালবাসি রে।
তাই হয়তো শুনেছি তোর একতারার সুর ,
খেলেছেও সে আমার হৃদয় জুড়ে ।
অথচ তুই আনমনে হেঁটে গেছিস আমার মনের উপর দিয়ে।
জানিস,স্বপ্নের চিতায় কতবার মৃত্যু হয়েছে আমার ?
আজকাল আর নিজেকে তুলে ধরতে মন চায়না রে।
আমি বেশ ভালো আছি।
তবে গোপন ইচ্ছেগুলো মাঝে মাঝে কেমন বড্ড জ্বালায়।
মনের আয়নায় যখন তখন আজও তোর ছবি আঁকি আর তার মধ্যে বেঁচে থাকি কারণ তুই বেঁচে আছিস তাই ।
যতই দুঃখ কষ্ট ক্ষয় রোগের মতো
ভেতরে ভরে যাক
তবু তোকে ছেড়ে মরব ও না জেনে রাখিস।
তোর মনে পড়ে একদিন বলেছিলি " তোর মত মানুষ কে কি ভালো না বেসে থাকা যায়?
তখন বোধ হয় একটু খানি আমার জায়গা হয়েছিল তোর মনে।
তারপর হঠাৎ একদিন বললি , তুই প্রত্যেক দিন একবার করে ফোন অবশ্যই করবি, করবি কিন্তু !
তখন বোধহয় তোর খেয়ালের মধ্যে ও কিছুটা ঢুকে পড়ে ছিলাম না?
তারপর একদিন বললি " আমি যতক্ষণ ফোন না কাটবো ততক্ষণ তুই কথা বলবি। হয়তো কোনো ভুত চেপেছিল তাই !
কিন্তু কোনোকালেই তোর অবাধ্য হওয়ার ক্ষমতা আমার ছিল না।
তাই কথা ও হতো,নানান বিষয় আলোচনাও হতো।
কখনও তোর লেখা কবিতা শোনাতিস,
সঙ্গে যুক্তি তর্ক বিশ্লেষণ।
তুই যে সাহিত্যে মাস্টার্স , আমার কথা শুনবি কেন?
আমি একটা কথা বললে তুই দশটা কথা বলতিস, মানে বকেই যেতিস যতক্ষণ মাথা ঠাণ্ডা না হয়।
কিন্তু ফোন কাটার কোনো ক্ষমতা আমার ছিল না ।
যদি একবার কাটতাম তখন আমার ওপর তোর যে অধিকার বোধের পরিচয় পেয়েছিলাম তাতে ধমকের চেয়ে আদরের সুর অনেক গভীর ছিল।
তুই সারাজীবন যা করেছিস তাতে কোথাও আমার মনে হয়নি তুই আর আমি আলাদা। বরং বেশ মনে হয়েছে আমিই তোর একমাত্র বিশ্বাস, ভালোবাসা বা ভরসার ...একান্ত নিজের মানুষ।
সে প্রশ্রয় যে আমি দিইনি, বা দিতে চাই নি তাও নয়।
কিন্তু আজও যে বিশ্বাস করতে খুব ইচ্ছা হয় রে।
তাহলে কি সব ভুল ছিল?
না তা হতেই পারে না।
তাহলে আজকের পরিণতির হিসাব কে দেবে ?
আসলে জীবনের সব হিসাব সরল সমীকরণে মেলে না।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051